২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগ। এ বিভাগে পাসের হার মাত্র ৪২.১৭ শতাংশ। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩.১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০.৭৭ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। ফলাফল অনুযায়ী, মানবিক বিভাগে ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৯০ হাজার ৬৬৪ জন। অন্যদিকে, ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ।
আরও পড়ুন:ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, দেখুন বিস্তারিত
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হলেও পরে সেগুলো অনুষ্ঠিত হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়।
পুনর্নিরীক্ষণের আবেদন
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলাফল সরাসরি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সংগ্রহ করা যাবে না। নির্ধারিত ওয়েবসাইট, এসএমএস কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে হবে।

