শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় তা শেষ না হওয়া পর্যন্ত সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর গতকাল একটি অফিস আদেশ জারি করেছে।
আরও পড়ুন: টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা ও হামের টিকা প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সকল স্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ও নৈমিত্তিক ছুটি) স্থগিত বা বাতিল করা হয়েছে।
এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

