দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (৪ অক্টোবর) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহুয়া তাসনিমের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর সহপাঠীদের জানান তার বোন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে ভুগছিলেন তিনি।
জানা গেছে, মহুয়া তাসনিমের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। তবে তিনি ঢাকার সাভার উপজেলায় বসবাস করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ থেকেই তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
মহুয়া তাসনিমের মরদেহ নিজ এলাকা রাজবাড়ীর বালিয়াকান্দির পাইককান্দিতে নেওয়া হয়। রোববার দুপুর ২টায় সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মহুয়ার ডিপার্টমেন্টের সিনিয়র ইসরাফিল হোসেন মানিক বলেন, লিউকেমিয়ার চিকিৎসা চলছিল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তার।

