বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব

জিটি রিপোর্ট

প্রকাশ:

বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব দিয়েছেন জেলার সংসদ সদস্যরা
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব দিয়েছেন জেলার সংসদ সদস্যরা|ছবি: সংগৃহীত

বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব দিয়েছেন জেলার সংসদ সদস্যরা। সম্প্রতি বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন কর্মসূচি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত ই জাহান।

তিনি জানান, সংসদ সদস্যদের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বগুড়া জেলা ও সিটি করপোরেশনের সমন্বিত সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সব সংসদ সদস্য অংশ নেন। সভায় বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে বগুড়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এরপর বগুড়া তথা উত্তরবঙ্গে তেমন উন্নয়ন হয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া চারবার বগুড়া থেকে নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার প্রতি বগুড়ার মানুষের আবেগ ও সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে মনোরম ও নিরিবিলি পরিবেশে বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি এর নাম ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এক নজরে বিশ্বের সেরা ১০ স্কলারশিপ

তথ্য অনুযায়ী, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ প্রণয়ন করা হয়েছিল। এমনকি দুটি বিভাগের অনুমোদনও দেওয়া হয়। তবে নানা কারণে আইনটি কার্যকর হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।

পরবর্তীকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর গত ৭ জুলাই ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রহিত করা হয়। এর পরিবর্তে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন-২০২৬’ বিল উত্থাপন করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!