ঢামেকে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, বন্ধ জরুরি সেবা

জিটি রিপোর্ট

প্রকাশ:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল|ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর ভুক্তভোগী চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ করে দেন। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনার সূত্রপাত হয়।

আরও পড়ুন: বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, চলবে ৩১ মার্চ পর্যন্ত

চিকিৎসকদের দাবি, বিকেলে এক শিক্ষার্থী চিকিৎসা নিতে এসে প্রেসক্রিপশন গ্রহণ করেন। তবে প্রয়োজনীয় ওষুধ হাসপাতালে না থাকায় তাকে বাইরে থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থী সহপাঠীদের নিয়ে ফিরে এসে চিকিৎসকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

শিক্ষার্থীদের অভিযোগ ছিল, প্রেসক্রিপশনে উল্লেখ করা ওষুধ বাইরে সহজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী

প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে তর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, যা দ্রুত বিস্তৃত আকার ধারণ করে। এতে কয়েকজন আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওষুধ সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!