এলএল.বি পরীক্ষার ফি নিয়ে ক্ষোভ, প্রেস ক্লাবে মানববন্ধনের ঘোষণা

জিটি রিপোর্ট

প্রকাশ:

৬ সেপ্টেম্বর প্রেস ক্লাবে মানববন্ধন
৬ সেপ্টেম্বর প্রেস ক্লাবে মানববন্ধন|ছবি: সংগৃহীত

ঢাকা ল’ কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইন কলেজগুলোর এলএল.বি পরীক্ষার ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আগামী ৬ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। ঢাকা ল’ কলেজের সকল সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচির আয়োজন করছেন।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এলএল.বি প্রিলিমিনারি ও শেষ পর্ব পরীক্ষার ফি অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি করা হয়েছে। এতে শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। বিশেষ করে সীমিত আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য বর্ধিত পরীক্ষার ফি বহন করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ্‌-বাংলা ব্যাংক, আবেদন আগামীকাল রাত ১২টা পর্যন্ত

পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদ এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তুলে ধরতেই এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

শিক্ষার্থীদের দাবি, এলএল.বি পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে নিয়ে আসতে হবে। একই সঙ্গে পরীক্ষার ফি নির্ধারণে স্বচ্ছতা ও যৌক্তিকতা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

আয়োজকরা জানান, মানববন্ধনে ঢাকা ল’ কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবেন। কর্মসূচির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে পরীক্ষার ফি বৃদ্ধির বিষয়টি দ্রুত পুনর্বিবেচনার আহ্বান জানানো হবে।

শিক্ষার্থীরা বলেন, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না; বরং নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের যৌক্তিক দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!