ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে|ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভর্তি পরীক্ষা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মার্চ মাসের শেষভাগে এ ভর্তি পরীক্ষা শুরু হতে পারে।

প্রাথমিক এই সিদ্ধান্তে গুচ্ছভুক্ত ইউনিটগুলোর পরীক্ষার জন্য ১৯, ২০ ও ২৭ মার্চ—এই তিনটি তারিখ বিবেচনায় রাখা হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের একক ও স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (থিয়োলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ) ভর্তি পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব প্রফেশনাল ফাইন্যান্স প্রোগ্রামে ভর্তি, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উপাচার্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় সর্বসম্মতভাবে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম মতিনুর রহমান। এতে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পুরো সময়সূচি, কেন্দ্র পরিচালনা, পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি ও ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিষদ আলোচনা করা হয়।

তবে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চূড়ান্ত নির্দেশনার জন্য কেন্দ্রীয় গুচ্ছ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে বলে সভায় একমত প্রকাশ করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে গুচ্ছের পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় গুচ্ছের সিদ্ধান্ত ও চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত তারিখে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!