জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ মার্চ সশরীরে উপস্থিত হয়ে নতুন করে পছন্দক্রমের ফর্ম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইউনিটের শূন্য আসনে (৫ম ধাপ) ভর্তি ও পছন্দক্রম পূরণের কার্যক্রম ১ মে থেকে শুরু হয়ে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। একই সময়ে মাইগ্রেশনে অনিচ্ছুক ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধের প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পরবর্তীতে ৪ মে মাইগ্রেশন তালিকা এবং ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ১০ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্র, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে সংগ্রহ করা মেডিক্যাল সনদপত্র, অনলাইনে পূরণ করা বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম এবং প্রবেশপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি ও ডিনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।
সব প্রক্রিয়া শেষে আগামী ১৭ জুন থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

