জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে অনলাইনে এ পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
আরও পড়ুন: একাদশে ভর্তি কবে, দেখে নিন
ফরম পূরণ ও ফি জমার সময়সূচি
নোটিশ অনুযায়ী, পরীক্ষার্থীরা ২৭ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন করবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিতে হবে। অনলাইনে ডাটা এন্ট্রি করার পর ফরমের প্রিন্ট কপি যথাযথভাবে যাচাই করে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংরক্ষণ করতে হবে।
যে ফি দিতে হবে
পরীক্ষার্থীপ্রতি নির্ধারিত ফি হিসেবে রাখা হয়েছে—
পরীক্ষার ফি (প্রতিপত্র-তত্ত্বীয়) ১ হাজার ২০০ টাকা
মানোন্নয়ন (প্রতিপত্র-তত্ত্বীয়) ২ হাজার টাকা
মুটকোর্ট ট্রায়াল/মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা
মুটকোর্ট ট্রায়াল/মৌখিক পরীক্ষার কেন্দ্র ফি ৬০০ টাকা। এর মধ্যে কলেজে ১০০ এবং কেন্দ্রে ৫০০ টাকা জমা হবে।
আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ
ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্র ফি ১ হাজার টাকা। সাময়িক সনদ ৫০০ এবং ট্রান্সক্রিপ্ট ৫০০ টাকা।
কেন্দ্র ফি ৮০০ টাকা। এর মধ্যে কলেজে ১০০ এবং কেন্দ্রে ৭০০ টাকা জমা হবে।
যারা আগে ফরম পূরণ করেননি, তাদের ক্ষেত্রেও ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের ফি প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে হবে অনলাইনে
এলএলবি শেষ পর্ব পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে।
কারা পরীক্ষায় অংশ নিতে পারবেন
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত এলএলবি শেষ পর্ব পরীক্ষার পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী ২০২৪ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২০২২, ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এ ছাড়া ২০২৩ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে অকৃতকার্য হওয়া অথবা ৪৫ শতাংশের কম নম্বর পেয়ে তৃতীয় বিভাগে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে যেসব পত্রে ৪৫ শতাংশের কম নম্বর পেয়েছেন, শুধু সেসব পত্রেই অংশ নিতে হবে।
২০২৩ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ পরীক্ষার্থীরাও এক বা একাধিক বিষয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রেও ৪৫ শতাংশের কম নম্বর পাওয়া পত্রগুলোতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২০২২ সালের অকৃতকার্যদের জন্য বিশেষ নির্দেশনা
২০২২ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন এবং ২০২৩ সালে পরীক্ষায় অংশ নেননি, তাদের ২০২৪ সালের পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুন: ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা পরবর্তীতে আর কোনো পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না।
২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য বিশেষ সুযোগ
২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য (F) অথবা অনুপস্থিত (NA) পরীক্ষার্থীরা ৫ হাজার টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি জমা দিয়ে ফরম পূরণ করতে পারবেন।
তবে ওই শিক্ষাবর্ষের কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে, পরীক্ষায় অংশ নিয়ে পুনরায় অকৃতকার্য হলে অথবা ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ না নিলে পরবর্তী সময়ে কোনো অবস্থাতেই পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

