জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জিটি রিপোর্ট

প্রকাশ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে ‘নগর বাউল’খ্যাত সংগীতশিল্পী জেমসকে প্রধান আকর্ষণ হিসেবে রাখার প্রস্তুতি থাকলেও তাঁর অনুপস্থিতিতে দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীকে নিয়ে সাংস্কৃতিক আয়োজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে ‘নগর বাউল’খ্যাত সংগীতশিল্পী জেমসকে প্রধান আকর্ষণ হিসেবে রাখার প্রস্তুতি থাকলেও তাঁর অনুপস্থিতিতে দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীকে নিয়ে সাংস্কৃতিক আয়োজন |ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখার আয়োজনে ‘নবীন বরণ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর। অনুষ্ঠানে ‘নগর বাউল’খ্যাত সংগীতশিল্পী জেমসকে প্রধান আকর্ষণ হিসেবে রাখার প্রস্তুতি থাকলেও তাঁর অনুপস্থিতিতে দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীকে নিয়ে সাংস্কৃতিক আয়োজন সাজানোর প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. মোজাম্মেল মামুন ডেনির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে যা জানা যাচ্ছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ‘নবীন বরণ উৎসব-২০২৬’-এর বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা ও সাংস্কৃতিক বিকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে জেমসকে যুক্ত করার সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।

তবে জেমসের শারীরিক অসুস্থতার কারণে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানায় জবি ছাত্রদল। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বর্তমানে ইউরোপে অবস্থানরত জেমস হঠাৎ গুরুতর চিকিৎসাজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে তাঁর জরুরি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের পর তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ফলে আগামী দুই মাস কোনো সংগীত পরিবেশন বা লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না।

আরও পড়ুন: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৪-২৮ জানুয়ারি

জেমসের অনুপস্থিতির কারণে অনুষ্ঠানটি পিছিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংগঠনটির ভাষ্য, নবাগত শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ সময় ইতোমধ্যে অতিক্রম করছে। তাই তাদের দীর্ঘ প্রতীক্ষা এবং বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম উৎসবের আনন্দ আরও দীর্ঘায়িত না করে ১৬ সেপ্টেম্বরই অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।

জবি ছাত্রদল জানিয়েছে, জেমসের পরিবর্তে দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন করা হবে। নবীন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম বড় ও জমকালো কনসার্টে রূপ দিতে প্রস্তুতি চলছে বলেও জানায় সংগঠনটি।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

এদিকে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কথা বিবেচনায় নিয়ে ‘নবীন বরণ উৎসব-২০২৬’-এ অংশগ্রহণের জন্য গুগল ফর্মের মাধ্যমে চলমান ডিজিটাল নিবন্ধনের সময়সীমা ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জবি ছাত্রদল।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!