খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক পুলে অন্তর্ভুক্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী ও যোগ্য শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন বিষয়ে কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট কমাতে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ের দক্ষ বিশেষজ্ঞদের জ্ঞান, অভিজ্ঞতা ও অভিজ্ঞতালব্ধ দক্ষতা কাজে লাগানোও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন: মিউজকে বিভিন্ন ডিভাইসে ব্যবহারের সুযোগ দিচ্ছে মেটা

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাদান কার্যক্রম সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করার লক্ষ্যেও এই শিক্ষক পুল গঠন করা হচ্ছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদের পাশে থাকা ‘আবেদন করুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজস্ব ইউজার অ্যাকাউন্ট তৈরি করে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আরও পড়ুন: এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বিষয়ে গত ২০ আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এবার আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী যোগ্য শিক্ষক ও বিশেষজ্ঞদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।

আবেদনের ওয়েবসাইট: jobs.nu.ac.bd

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!