নেকাব পরা ছাত্রীকে কটাক্ষের অভিযোগ, ঢাবির শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব|ছবি: সংগৃহীত

নেকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ অভিযোগের পর তাকে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর অনুষ্ঠিত জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) একটি ক্লাসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পরে তারা বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানকে লিখিতভাবে জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষককে আর ক্লাস না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিভাগ।

আরও পড়ুন: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'দুর্যোগ ব্যবস্থাপনায়' মাস্টার্সে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভা ডাকা হয়। সভায় শিক্ষার্থীদের অভিযোগ এবং সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রেজুলেশন গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ওই রেজুলেশনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষককে বর্তমানে তার দায়িত্বে থাকা কোর্সগুলো থেকে পুনর্বণ্টন করা হয়েছে। তার কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়েছে।

অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী আরও বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিভাগীয় চেয়ারম্যান বা বিভাগীয় একাডেমিক কমিটির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাষা কোর্সে ভর্তি, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। বিভাগ থেকে ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!