জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের পরীক্ষা বাতিলের পাশাপাশি এক থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ২৬০ পরীক্ষার্থীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ পর্যালোচনা করা হয়। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, কৈফিয়তপত্রের জবাব এবং নকলের আলামত পর্যালোচনা করা হয়। অপরাধের ধরন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত বিধিমালা অনুসারে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
শাস্তি পাওয়া শিক্ষার্থীর তালিকা দেখুন এখানে

