প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য করা শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
রবিবার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবু বকর সিদ্দিক কলেজের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া মন্তব্যকে গুরুতর ও আপত্তিকর হিসেবে বিবেচনা করছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: টানা ছুটি শেষে কাল খুলছে স্কুল-মাদরাসা, কলেজ খুলবে ১ নভেম্বর
এদিকে, বিষয়টি নিয়ে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার বলেন, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কটূক্তিমূলক মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। আমরা বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছি। ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

