রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর চালানো গাড়ির ধাক্কায় মো. শাহজালালী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্স, আবেদন শেষ ২৪ নভেম্বর
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। এরপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান জানান, দুর্ঘটনার পর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিওএড-এমএডে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গাড়িসহ থানায় নিয়ে যায়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, দুর্ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত শিক্ষার্থীকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, জানতে চাইলে গাজিউর রহমান জানান, এখনো কোনো মামলা হয়নি। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

