রাজধানীর ভাটারার সাঈদনগরে সাততলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদসংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ডিআইইউর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা ভাটারার সাঈদনগরে একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার বাসায় মেস ভাড়া নিয়ে থাকতেন। শুক্রবার সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে ফুয়াদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
আরও পড়ুন: ৩ বছর ধরে শিক্ষার্থীশূন্য: দেশের ৮৬ বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের উদ্যোগ
পরে দ্রুত ফুয়াদকে প্রথমে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি ভবন থেকে নিচে পড়ে গেছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তার রুমমেট।
ফুয়াদ নাঈমের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তেঁতুলিয়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে ভাটারা থানা-পুলিশ।

