রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬ সালের ফল সেমিস্টারে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (IICT) এবং ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (IEES)-এর অধীনে বিভিন্ন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্স, আবেদন শেষ ২৪ নভেম্বর
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম. ইঞ্জিনিয়ারিং এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি)।
ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ফলাফলের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এমএসসি ইঞ্জিনিয়ারিং ও এম. ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, পিজিডি প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও ফলাফলের শর্ত প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা পরিশোধ করতে হবে। প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১ নভেম্বর ২০২৬। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ২০২৬ এবং ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৮ নভেম্বর ২০২৬।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিওএড-এমএডে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
বিজ্ঞপ্তি অনুযায়ী, পিজিডি প্রোগ্রামের ভর্তি ফি ১২ হাজার টাকা এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম. ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি ফি ২০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপদ্ধতি জানতে আগ্রহী প্রার্থীদের রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট www.ruet.ac.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।


