পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অপরাধের দায়ে ৬৩ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা বাতিলের পাশাপাশি এক থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের ২৪ শিক্ষার্থী, ২০২৩ সালের এলএলবি শেষ পর্বের ৩৯ শিক্ষার্থী, ২০২৪ সালের বিএড তৃতীয় তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টারের ১ শিক্ষার্থী ও বিএসসি (অনার্স) ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) তৃতীয় বর্ষ ৫ম সেমিস্টারের ২ শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, কৈফিয়তপত্রের জবাব এবং নকলের আলামত পর্যালোচনা করে অপরাধের ধরন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রেগুলেশন অনুযায়ী এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

