সিকৃবি উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

জিটি রিপোর্ট

প্রকাশ:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করেছেন আন্দোলনকারীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৫টি সংস্কার জরুরি: ববি হাজ্জাজ

বাংলাদেশ জাতীয়তাবাদী সাদা দলের সিকৃবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরের কথা রয়েছে।

তার প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শনের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সব ধরনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: ৫ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি: জাতীয়করণের তালিকায় আরও ২৮টি

অধ্যাপক মোজাম্মেল হক আরো বলেন, ‘উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আগামী বুধবার থেকে নতুন উদ্যমে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পুনরায় শুরু করা হবে।’

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে সিকৃবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন জাতীয়তাবাদী ছাত্রদল, সাদা দল এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!