ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুনিরা আক্তার মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মুনিরা বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: টানা ছুটি শেষে কাল খুলছে স্কুল-মাদরাসা, কলেজ খুলবে ১ নভেম্বর
বিভাগীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরার পথে শনিবার সকালে দুর্ঘটনার শিকার হন মুনিরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছিলেন মুনিরাও।
দুর্ঘটনায় গুরুতর আহত মুনিরাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। তাঁর সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জুনায়েদ জানান, শনিবার সকাল ৭টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর মুনিরাকে ঢাকায় পাঠানো হয়। পরে বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
মুনিরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘মুনিরার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি জানার পর থেকেই আমি জুনায়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।
তাৎক্ষণিকভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও অ্যালামনাইরা হাসপাতালে যান। সেখানে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. জহির বিন আলমও উপস্থিত ছিলেন।’
মেধাবী এই শিক্ষার্থীর অকাল প্রয়াণে শাবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

