ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়। বুধবার (১২ আগস্ট) শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত পৃথক নোটিশে তথ্যটি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আফিক হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ।
আরও পড়ুন :এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
নোটিশ অনুযায়ী, গত ২ আগস্ট দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে হল প্রশাসন তিন সদস্যবিশিষ্ট পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এর ভিত্তিতে আফিফ হাসান নীরবের আবাসিক সিট [কক্ষ নম্বর ১১৯ (গ)] এবং আরিফুল হক শুভর আবাসিক সিট [কক্ষ নম্বর ১১২(খ)] বাতিল করা হয়। একই সঙ্গে দুজনকেই শেখ মুজিবুর রহমান হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: মানবিকে ১০০ ছাত্রের ৫৯ জনই ফেল, এগিয়ে মেয়েরা
এর আগে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ স্বাক্ষরিত একটি চিঠিতে হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়। ওই চিঠিতে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর অনৈতিক সম্পর্ক (সমকামিতা)’-এর অভিযোগ আনা হয়েছিল। অভিযোগের পক্ষে ছবি ও ভিডিও পাওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

