সত্যনিষ্ঠা ও তাকওয়া না থাকলে ধর্মভিত্তিক রাজনীতি থেকে শত হাত দূরে থাকুন: রাবির সাবেক ভিসি

জিটি রিপোর্ট

প্রকাশ:

রাবির সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব
রাবির সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব |ছবি: সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব বলেছেন, কারও মধ্যে যদি সত্যনিষ্ঠা ও প্রকৃত তাকওয়া না থাকে, তাহলে তার ধর্মভিত্তিক রাজনীতি থেকে শত হাত দূরে থাকাই উচিত। মঙ্গলবার (২১ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ড. নকিব লিখেছেন, ডান, বাম কিংবা মধ্যপন্থি কোনো ধরনের রাজনীতির প্রতিই তাঁর ব্যক্তিগত বিরাগ নেই। তিনি সবার সঙ্গেই স্বাচ্ছন্দ্যে মিশেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে কিছু বিষয় উপলব্ধি করেছেন। সবচেয়ে কঠিন হলো ধর্মভিত্তিক রাজনীতি, কারণ এতে একটি নৈতিক উচ্চতা (মোরাল হাই-গ্রাউন্ড) ধরে রাখতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়। এটি করতে ব্যর্থ হলে ধর্ম, দল এবং দেশ তিনটিই ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: ডিসির ক্ষমতা বাতিল, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ফিরল পুরোনো নিয়মে

তিনি আরও লেখেন, ধর্মভিত্তিক রাজনীতির পর সবচেয়ে কঠিন বামপন্থি রাজনীতি। তার ভাষায়, প্রগতিশীলতা শুধু মুখের কথা নয়; সংকীর্ণ মানসিকতা নিয়ে প্রকৃত প্রগতিশীল হওয়া যায় না। কূপমণ্ডূকতা মানুষকে প্রগতিশীল নয়, বরং প্রতিক্রিয়াশীল করে তোলে।

পোস্টের সাবেক এ উপাচার্য বলেন, মধ্যপন্থি রাজনীতি তুলনামূলকভাবে সহজ হলেও সেখানে ভারসাম্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ, যা অনেক সময় সম্ভব হয় না। কারও মধ্যে যদি সত্যনিষ্ঠা ও প্রকৃত তাকওয়া না থাকে, তবে ধর্মভিত্তিক রাজনীতি থেকে শত হাত দূরে থাকাই ভালো; অন্যথায় শেষ পর্যন্ত তা কারও জন্যই কল্যাণকর হবে না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!