ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থবির হয়ে পড়া আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রাতেই পাকিস্তান সফরে যেতে পারেন। বার্তা সংস্থা এপি-কে দেওয়া একাধিক সূত্র জানায়, তিনি একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানে পৌঁছাবেন।
সূত্রগুলো জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করতে পাকিস্তান যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, আরাগচির এই সফর তারই অংশ। সফরকালে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা
চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার চেষ্টা ব্যর্থ হওয়ার পর নতুন করে এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে, যা সংলাপে নতুন গতি আনতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, সফরটি অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল হওয়ায় তারা প্রকাশ্যে কিছু বলতে চাননি।
দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। আরাগচির এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে নতুন কোনো অগ্রগতি হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

