ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) উত্তর-পশ্চিম লখনউয়ের আলীগঞ্জ এলাকার একটি বহুতল ভবনে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পর ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। জীবন বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী প্রথম তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ভবনের ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, তিন তলাবিশিষ্ট ভবনটির ওপরের তলায় প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি অ্যানিমেশন কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর দোকানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ভবনের ভাঙা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে নিচে একটি বেড়ার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি এনডিআরএফ (NDRF) টিম উদ্ধার অভিযানে যোগ দেয়। পরে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, আগুন হঠাৎ করেই লেগেছিল। এখানে শিশুরা অ্যানিমেশন শেখার জন্য আসত। আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আহতদের কেজিএমসি (KGMC) ট্রমা সেন্টারে পাঠানো হচ্ছে। নিহত ও আহতদের বয়স প্রায় ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

