দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

জিটি ডেস্ক

প্রকাশ:

ডব্লিউইএফ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমান
ডব্লিউইএফ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমান|ছবি: সংগৃহীত

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সম্মেলনে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ীরা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পাবেন।

‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ডব্লিউইএফের কোনো সম্মেলনে অংশ নিচ্ছেন তারেক রহমান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় আরও বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ প্রধানমন্ত্রীর

এর আগে মঙ্গলবার ডব্লিউইএফ প্রেসিডেন্ট আলোইস জভিংগির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জবাবে আলোইস জভিংগি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে সহায়ক হবে। তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় ডব্লিউইএফের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!