গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন থাড অ্যান্টি-মিসাইল প্রতিরক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত চারটি রাডার সিস্টেম ধ্বংস করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
রোববার (৮ মার্চ) বার্তাসংস্থা ইরনার বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রাডার সিস্টেমগুলোতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘থাড’ যুক্তরাষ্ট্রের প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। থাড দিয়ে মূলত ব্যালিস্টিক মিসাইল শনাক্ত ও ধ্বংস করা হয়ে থাকে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানে ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এবং গোলাবারুদ সংরক্ষণাগার লক্ষ্য করে এক দফা বিমান হামলা চালিয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, এই হামলায় আইআরজিসির ‘স্পেস ফোর্স’ বা মহাকাশ বাহিনীর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল গোলাবারুদ ভর্তি প্রায় ৫০টি বাংকার, একটি আধাসামরিক বাসিজ ঘাঁটি এবং একটি আইআরজিসি কম্পাউন্ড।

