হরমুজ প্রণালিকে শত্রুদের জন্য ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির

জিটি ডেস্ক

প্রকাশ:

হরমুজ প্রণালিকে শত্রুদের জন্য ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির
হরমুজ প্রণালিকে শত্রুদের জন্য ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির|ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের নির্দেশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় আইআরজিসির নৌ-কমান্ড সতর্ক করে বলেছে, কোনো ধরনের ভুল পদক্ষেপ নেওয়া হলে তারা এই প্রণালিকে শত্রুদের জন্য প্রাণঘাতী ফাঁদে পরিণত করবে। খবর আল জাজিরার।

বার্তায় আরও বলা হয়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে ইরানের নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের অবরোধ ঘোষণার জবাবে তারা স্পষ্ট করেছে, দেশের সার্বভৌমত্ব ও জলসীমা রক্ষায় ইরান প্রয়োজন হলে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে ট্রাম্পের নৌ-অবরোধের হুমকি, অন্যদিকে ইরানের ‘মৃত্যুকূপ’ বানানোর সতর্কবার্তা—সব মিলিয়ে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

অন্যদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি সচল রাখতে এবং সেখানে থাকা মাইন অপসারণে যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ তাদের বিশেষায়িত মাইনসুইপার জাহাজ পাঠাবে।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র শুধু এই নৌপথ অবরোধ করেই থেমে থাকবে না; বরং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল পরিশোধ করে এমন জাহাজগুলোকে আটক বা বাধা দেবে।’

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!