হরমুজ প্রণালিতে নতুন করে তৈরি হওয়া সংকট এবং ইরানের সঙ্গে চলমান আলোচনা পর্যালোচনার জন্য হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র তিন দিন বাকি থাকতেই এই অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, মার্কিন সময় শনিবার সকালে অনুষ্ঠিত ওই বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধের অবসানে একটি চুক্তি ‘এক বা দুই দিনের মধ্যে’ হতে পারে। তবে তার এমন আশাবাদের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ইরান হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দেয় এবং জলপথে চলাচলকারী বেশ কয়েকটি জাহাজে হামলা চালায়।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মতে, পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ। দ্রুত কোনও সমাধান না এলে আগামী কয়েক দিনের মধ্যেই পুনরায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯
সিচুয়েশন রুমের বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ইরানের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় অংশ নেবেন। এছাড়া বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।
তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি।
এদিকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি তেহরানে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত একবার আসিম মুনির এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল শনিবার জানিয়েছে, আলোচনার সময় যুক্তরাষ্ট্র নতুন কিছু প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং এর মজুত নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছিল। ঠিক সেই সময়ই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন সংকট তৈরি হয়।
আরও পড়ুন: সারা দেশে অবৈধ মজুতকৃত ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার
শনিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ‘চতুরতা দেখিয়েছে’ এবং আবারও প্রণালিটি বন্ধ করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, “এই জাতি আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।”
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এখনও চলমান রয়েছে এবং দিনের শেষ নাগাদ বোঝা যাবে উভয় পক্ষ কোনও চুক্তির দিকে এগোতে পারবে কি না।

