ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুথি গোষ্ঠীর হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা আবার শুরু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম চালু করা হয়।
আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, রবিবার ভোরে রিয়াদ বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজ সৌদি আরবের জেদ্দা শহরের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে হুথিদের ধারাবাহিক হামলার কারণে দুই সপ্তাহ ধরে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ছিল। বিমানবন্দরটি পুনরায় চালু করা হলে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছিল গোষ্ঠীটি।
দীর্ঘদিন ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহে সৌদি আরব এবং দেশটির সমর্থনপুষ্ট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের একের পর এক হামলার মুখে পড়েছে। এ সংঘাত একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে, অন্যদিকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে মানবিক সংকট আরও গভীর করেছে।
আরও পড়ুন: ট্রাম্প-পুতিন চুক্তি: রুশ ডিজেল নিয়ে ট্যাঙ্কার যাচ্ছে যুক্তরাষ্ট্রে
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, “২৫ অক্টোবর, ২০২৬, রবিবার থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য এবং টার্মিনাল-২ জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত থাকবে।”
গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা রিয়াদ বিমানবন্দরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। এর মধ্যে চলতি মাসে একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
শনিবার হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারী সতর্ক করে বলেন, বিমানবন্দরটি এখনো ‘অনিরাপদ’ এবং তাঁদের কাছে এটি একটি ‘সামরিক লক্ষ্যবস্তু’।
তিনি বলেন, “ইয়েমেনি সশস্ত্র বাহিনী সব আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় এয়ারলাইনস—পাশাপাশি বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের—রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ব্যবহার না করার জন্য সতর্ক করছে। কারণ এটি অনিরাপদ এবং আমাদের বাহিনীর জন্য একটি সামরিক লক্ষ্যবস্তু।”
আরও পড়ুন: জেলেনস্কি যুদ্ধের অবসান কখনোই চাননি: ট্রাম্প
তিনি আরও বলেন, “এই বিমানবন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার পরিণামের দায় সৌদি সরকারকেই বহন করতে হবে।”
এদিকে, হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি-ইয়েমেন সামরিক জোট রবিবার ভোরে জানিয়েছে, তারা রিয়াদ এলাকায় দুটি ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র: এএফপি, এনডিটিভি

