ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্ট
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্ট|ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জোসেফ কেন্ট। তিনি ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এই সংঘাতের কারণে পদত্যাগ করলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া এক চিঠিতে কেন্ট বলেন, ‘বিবেকের তাড়নায় আমি ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’ তাঁর দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের আইনের আওতায় যুদ্ধ শুরুর ক্ষেত্রে সাধারণত ‘তাৎক্ষণিক হুমকি’র বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে দেখা হয়।

তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরও প্রতিক্রিয়া জানায়নি।

জোসেফ কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে গ্যাবার্ড জনসমক্ষে খুব কমই মন্তব্য করেছেন।

কেন্টের পদত্যাগ ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!