আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন করে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। এসব অস্ত্রের মধ্যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও থাকতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরাতে শনিবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
গোয়েন্দা সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান বিদেশি মিত্রদের সহায়তায় তাদের নির্দিষ্ট কিছু অস্ত্র আবারও মজুদ করছে।
আরও পড়ুন: রণতরি প্রস্তুত আছে, আলোচনা ব্যর্থ হলে ফের হামলা: ট্রাম্প
দুটি গোয়েন্দা সূত্র জানায়, চীন সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে, যাতে এর উৎস সহজে শনাক্ত করা না যায়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চীন কাঁধ থেকে ছোড়া বিমান বিধ্বংসী মিসাইল ব্যবস্থা সরবরাহের চেষ্টা করছে বলে ধারণা করছেন গোয়েন্দারা।
এই ধরনের মিসাইল ব্যবস্থার মাধ্যমেই ইরান আগে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। ওই ঘটনায় বিমানের দুই ক্রুকে উদ্ধার করতে মার্কিন বাহিনীকে বড় ধরনের অভিযান চালাতে হয়, যেখানে তারা আরও দুটি পরিবহন বিমান ও দুটি হেলিকপ্টার হারায়।
আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস সিএনএনকে জানিয়েছে, “চীন কখনো যুদ্ধরত কোনো দেশকে অস্ত্র সরবরাহ করেনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।”
তারা আরও জানায়, “একটি দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে চীন আন্তর্জাতিক দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাই, যেন তারা প্রমাণহীন অভিযোগ না তোলে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্য দেশের নাম জড়ানো থেকে বিরত থাকে। একই সঙ্গে আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা কমাতে আরও সক্রিয় ভূমিকা রাখবে।”

