ইরানের বিরুদ্ধে একজোট হচ্ছে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার ও কুয়েত।
রোববার (১ মার্চ) গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) বৈঠকে ছয়টি দেশ এক সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানা গেছে।
সংগঠনটির চুক্তি অনুযায়ী কোনো সদস্যের ওপর হামলা হলে তা পুরো জিসিসির ওপর হামলা হিসেবে ধরা হবে।
জিসিসি জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনলাইন বৈঠক হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে ছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুললতিফ বিন রাশিদ আল জায়ানি। বৈঠকে যোগ দেয় মধ্যপ্রাচ্যের অপর দেশ জর্ডানও। যদিও জর্ডান জিসিসির সদস্য নয়।
জিসিসির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পাল্টা হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, তেহরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী নীতি লঙ্ঘন করেছে। তারা সংহতি প্রকাশ করে এসব হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন।
জিসিসি সনদ ও যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, কোনো সদস্যরাষ্ট্রের ওপর হামলা হলে তা পুরো জিসিসির ওপর হামলা হিসেবে ধরা হবে এবং হামলাকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করা হবে। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের আগ্রাসন চললে এই চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেবে বলে একমত হন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের তেহরানে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর মধ্যপ্রাচ্যের ২৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এসব ঘাঁটির বেশির ভাগই উপসাগরীয় অঞ্চলের এই ছয় দেশে অবস্থিত।

