ইরানের প্রতি সমর্থন জানাল চীন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় ইরানকে সমর্থন জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপে তার ইরানের পরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে এ তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ইরানের ডজনখানেক লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দেশটির প্রায় সাড়ে ৫০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছে ইরান।

জবাবে তেহরান ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, আরাগচিকে ওয়াং জানান, বেইজিং চীন ও ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয়, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় সমর্থন জানায়।

সিসিটিভির উদ্ধৃতি অনুযায়ী ওয়াং বলেন, ‘চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে এবং সংঘাতকে সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধ করতে আহ্বান জানিয়েছে।’

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবারই পৃথক এক ফোনালাপে ওয়াং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ তোলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!