ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির অভিযোগ তুলে চীনের অন্যতম বড় তেল শোধনাগার ‘হেংলি পেট্রোকেমিক্যাল’-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) এ ঘোষণা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। প্রতিষ্ঠানটি চীনের দ্বিতীয় বৃহত্তম ‘টিপট’ বা স্বাধীন শোধনাগার হিসেবে পরিচিত।
ওয়াশিংটনের দাবি, হেংলি পেট্রোকেমিক্যাল তেহরানের অপরিশোধিত তেলের বড় ক্রেতাদের একটি এবং তাদের এই তেল ক্রয় ইরানের সামরিক খাতে উল্লেখযোগ্য অর্থায়নে সহায়তা করছে। ইসরায়েল-ইরান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য নতুন আলোচনার প্রাক্কালে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নেয়।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা
এ ছাড়া ট্রেজারি বিভাগ ইরানের ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া জাহাজ বহরের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ১৩ এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রেখেছে, যার লক্ষ্য তেহরানের তেল ও গ্যাস রপ্তানি থেকে আয় বন্ধ করা।
এদিকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাসের এক মুখপাত্র বাণিজ্য ও বিজ্ঞান-প্রযুক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে।
আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯
উল্লেখ্য, চীন তাদের মোট তেল চাহিদার অর্ধেকের বেশি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে এবং গত বছর ইরানের রপ্তানিকৃত তেলের প্রায় ৮০ শতাংশই কিনেছে বেইজিং।

