অভিনেতা থেকে রাজনীতিতে এসে জনপ্রিয় নেতা হয়ে ওঠা চন্দ্রশেখরন জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত, ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার সঙ্গে আরও ৯ জন মন্ত্রীও শপথ গ্রহণ করেন।
রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে) সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অভিনেত্রী তৃষা কৃষাণসহ থালাপতির সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর থালাপতিকে স্বাগত জানান। ‘বন্দে মাতরম’ ও জাতীয় সংগীত পরিবেশনের পর তামিল ভাষায় মুখ্যমন্ত্রীর শপথ নেন বিজয়।
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
আরও পড়ুন: তামিলনাড়ু নির্বাচনে নতুন সমীকরণ, শীর্ষে থালাপতি বিজয়
প্রথমে ১০৭ আসন নিয়ে সরকার গঠনে ব্যর্থ হলেও ধাপে ধাপে বিভিন্ন দলের সমর্থন পেয়ে টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছে যায়। এরপর রাজ্যপালকে সমর্থনপত্র জমা দিলে তিনি সরকার গঠনের আমন্ত্রণ জানান।
এর মধ্য দিয়ে কয়েকদিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটে এবং থালাপতি বিজয়ের নেতৃত্বে নতুন সরকার যাত্রা শুরু করে।

