সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজারের বেশি অভিবাসী

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে
১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে|ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত অভিযানে ১৪ হাজার ১৬৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ে ১৮ হাজার ৯৩৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে এবং আরও ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের টিকিট নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বেড়ে হলো ১৮ হাজার

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

পাশাপাশি অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২১ জনকেও গ্রেপ্তার করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে মোট ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে ২৭ হাজার ৮৪৫ জন পুরুষ এবং ১ হাজার ৯২৮ জন নারী।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক করে আসছে।

মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। [সূত্র: গালফ নিউজ]

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!