এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ বহাল, বিতর্কিত রেজুলেশন বাতিল

জিটি রিপোর্ট

প্রকাশ:

বেসরকারি শিক্ষক নিবন্ধনে আবারও লিখিত পরীক্ষা
বেসরকারি শিক্ষক নিবন্ধনে আবারও লিখিত পরীক্ষা|ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে আগের মতো লিখিত পরীক্ষা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও এমসিকিউ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে হবে।

একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের বিদ্যমান পদ্ধতিও বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আগের বিতর্কিত রেজুলেশনটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জুলাইযোদ্ধাকে হত্যাচেষ্টার অভিযোগে ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সভায় অংশ নেওয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা আগের নিয়মেই নেওয়া হবে। এ বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।

ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার জন্য প্রার্থীদের আগের মতোই নিবন্ধন পরীক্ষার ধাপগুলো অতিক্রম করতে হবে এবং এনটিআরসিএর মাধ্যমেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!