কুমিল্লায় অপ্রতিমের হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ|ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজা এবং পরে কোটবাড়ির গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কোটবাড়ি বিশ্বরোডের দিকে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।

আরও পড়ুন: জানাজায় অশ্রুসিক্ত বিশ্ববিদ্যালয়, দাফন হলো অপ্রতিমের

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা অপ্রতিম হত্যার বিচার এবং জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ‘অপ্রতিমের রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি-গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

আরও পড়ুন: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক

অপ্রতিমের সন্ধানে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পুলিশের পক্ষ থেকে অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকার কথা জানানো হয়েছে।

কুবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, ‘আমরা আজ কেবল অপ্রতিমের জন্য এখানে আসিনি। এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লায়ও প্রতিনিয়ত এসব হচ্ছে। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আরও পড়ুন: ব্যানার, ফেস্টুন ছিঁড়ে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয়

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন, ‘এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশ বলছে, তারা ক্লু পেয়েছে। কিন্তু কী ক্লু পেয়েছে, সেটা আমরা জানি না। এই ব্যর্থতার দায় যতক্ষণ না তারা নেবে, ততক্ষণ আমরা রাস্তায় আছি।’

এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!