ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বদর্শকের সামনে নতুনভাবে উঠে এসেছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয়। কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে লাল-সবুজের আবেগ, জাতীয় প্রতীক এবং রয়েল বেঙ্গল টাইগারের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। সংগীত পরিবেশনার পাশাপাশি নিজের পোশাকের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরেন। তার উপস্থিতি প্রমাণ করেছে, প্রবাসে থেকেও নিজের শিকড় ও পরিচয়কে গর্বের সঙ্গে বিশ্বমঞ্চে উপস্থাপন করা সম্ভব।
আরও পড়ুন:বহু বছর পর মুখোমুখি শাকিব-পূর্ণিমা, স্মৃতিচারণে জমে উঠল আড্ডা
উদ্বোধনী অনুষ্ঠানে ফিফার উদ্যোগে নির্মিত নতুন গান ‘সির সির’ পরিবেশন করেন সঞ্জয় দেব, কানাডিয়ান শিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি র্যাপ তারকা ভেজেড্রিম। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।
তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় ছিল সঞ্জয় দেবের বিশেষ জ্যাকেট। পোশাকজুড়ে স্থান পেয়েছিল বাংলাদেশের বিভিন্ন জাতীয় প্রতীক। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, লাল-সবুজ পতাকার অনুপ্রেরণায় তৈরি নকশা এবং জাতীয় ফুল শাপলার শিল্পিত উপস্থাপনা জ্যাকেটটিকে অনন্য মাত্রা দেয়। পারফরম্যান্সের সময় তিনি বারবার এসব প্রতীকের দিকে ইঙ্গিত করে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের পরিচয় তুলে ধরেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সংস্কৃতির এমন উপস্থাপনা দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

