দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে শীত অনুভূত হতে পারে। বর্তমানে দেশের কোথাও কোথাও কুয়াশার মতো ধোঁয়াশা দেখা যাচ্ছে, আবার কিছু অঞ্চলে গরমের অনুভূতিও রয়েছে।
তবে ডিসেম্বর থেকে দেশজুড়ে শীত পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২
আবুল কালাম মল্লিক বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।
তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি বা হেমন্তের প্রান্তিক পর্যায়ে হালকা হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পরবে। এ ছাড়াও এবার এল নিনোর প্রভাবে শীতের অনুভূতি কম থাকবে।
তবে কোথায় কতটা শীত পড়বে, তাপমাত্রা কতটা কমবে এবং কুয়াশার প্রকোপ কেমন হবে, তা নির্দিষ্ট সময়ের আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় সিসি ক্যামেরা, ড্রোন ও বডি ক্যামেরা
এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

