উত্তাল বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, প্লাবনে ভুগছে উপকূল

জিটি রিপোর্ট

প্রকাশ:

উত্তাল সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর
উত্তাল সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর|ছবি: সংগৃহীত

লঘুচাপের প্রভাবে পটুয়াখালী-বরগুনায় ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালী ও বরগুনাসহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল থেকে পটুয়াখালীতে ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বেড়েছে জনদুর্ভোগ।

বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সব ট্রলার নিরাপদে পটুয়াখালীর আলীপুর ও মহিপুর মৎস্যবন্দরে ফিরে এসেছে।

আরও পড়ুন: কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খোলার প্রস্তুতি, নিম্নাঞ্চলে সতর্কতা

অন্যদিকে বরগুনায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। পানিতে তলিয়ে গেছে বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং বিভিন্ন যানবাহন বিকল হওয়ার ঘটনাও ঘটছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!