ঢাকা উত্তর-দক্ষিণে প্রার্থী পরিবর্তনের পথে এনসিপি

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রার্থী হচ্ছেন আসিফ-পাটওয়ারী
প্রার্থী হচ্ছেন আসিফ-পাটওয়ারী|ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আগের সিদ্ধান্ত থেকে সরে প্রার্থী পরিবর্তনের পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র পদে প্রার্থী করার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেনি দলটি। আগামী দুই-তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন এনসিপির একাধিক নেতা।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগে পিএসসির সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

এর আগে গত ২৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ঘোষণায় তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী করা হয়।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই প্রাথমিক তালিকায় পরিবর্তন আসবে। সে ক্ষেত্রে ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীবের পরিবর্তে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে আসিফ মাহমুদের পরিবর্তে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের ভোটার এলাকাতেও পরিবর্তন এসেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডে ভোটার এলাকা স্থানান্তর করেছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন।

আরও পড়ুন: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা–কর্মচারী, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বিষয়টি নিশ্চিত করে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার ছিলেন। তিনি দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন। আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ সিটি থেকে উত্তর সিটির ৩৭ নম্বর ওয়ার্ডে ভোটার এলাকা স্থানান্তর করেছেন।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য উভয় নেতা নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাদের আবেদন অনুমোদন করা হয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘এটা আমরা দুই-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি প্রেস ব্রিফিং করে জানাব। সেখানে বিস্তারিত বলা হবে।’

দলের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনও প্রার্থী পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা আছে। তবে আনুষ্ঠানিকভাবে আমরা দ্রুতই ঘোষণা দেব।’

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে চাকরি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘আমরা ঢাকা উত্তর এবং দক্ষিণে একটি ইনিশিয়াল প্রার্থিতা দিয়েছিলাম। সেই জায়গায় এখন সময়ের প্রয়োজনে আমরা মনে করছি, এটা পরিবর্তন হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা ফাইনাল না।’

তিনি আরও বলেন, দলের নেতৃত্বে থাকা কয়েকজন নেতা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার হচ্ছেন, যা একটি ইঙ্গিতবহ বিষয়। তবে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিষয়টি চূড়ান্ত নয়।

প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে জানিয়ে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত প্রার্থী পরিবর্তন করা সম্ভব।

এনসিপির রাজনীতি শুধু নির্বাচনকেন্দ্রিক নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, নির্বাচনের মাধ্যমে দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে—এটাই দলের প্রত্যাশা।

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রায় ছয় মাস আগে নেওয়া প্রার্থীসংক্রান্ত অবস্থান নতুন রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতায় পুনর্বিবেচনা করছে এনসিপির শীর্ষ নেতৃত্ব। এরই অংশ হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশনে তুলনামূলকভাবে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতাকে প্রার্থী করার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে দলটি।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রার্থিতায় পরিবর্তনের বিষয়টি সম্ভাবনা হিসেবেই থাকছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!