বাংলাদেশে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে মোকাবিলা করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশকে আবার ভিন্নভাবে স্বৈরাচারের দিকে নেওয়ার কোনো অপচেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অতীত ইতিহাসের কারণে দেশবাসী ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে।”
আরও পড়ুন: ভর্তুকি ও পাচারের ঝুঁকি বিবেচনায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি
তিনি অভিযোগ করেন, একটি মহল বিএনপির কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি তৈরি এবং বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ৫ আগস্টের পর দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে নষ্ট করার অপচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “দেশি-বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জনগণের ভোটে বিএনপি ২১৩টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। সুতরাং এ ধরনের বক্তব্য ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও যাতে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলা করা যায়, সে লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টা ৩০ মিনিটে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারে নির্দেশনা জারি
সমাবেশ সফল করতে দলের সবস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল। একই সঙ্গে ঢাকায় এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালনেরও আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি উপস্থিত ছিলেন।

