কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা বাড়াতে বিনা মূল্যে পাঁচটি অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে গুগল। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী, স্নাতক ও পেশাজীবীরা এসব কোর্সে অংশ নিতে পারবেন। কোর্সগুলোতে জেনারেটিভ এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), দায়িত্বশীল এআই এবং প্রম্পট ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হবে। কোর্সগুলো অনলাইনে নিজের সুবিধামতো সময়ে সম্পন্ন করা যাবে। কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা কিংবা আইইএলটিএস স্কোরের প্রয়োজন নেই। কোর্সভেদে সফলভাবে শেষ করার পর বিনা মূল্যে ডিজিটাল সার্টিফিকেট অথবা স্কিল ব্যাজ পাওয়া যাবে। সারা বছরই এসব কোর্সে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
কোর্সের সুযোগ-সুবিধা
*কোনো কোর্স ফি ছাড়াই অংশ নেওয়ার সুযোগ;
*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ;
*নিজের সুবিধামতো সময়ে অনলাইনে শেখার ব্যবস্থা;
*কোর্সভেদে ১৫ মিনিট থেকে প্রায় দুই ঘণ্টার মধ্যে শেখার বিষয়গুলো শেষ করার সুযোগ;
*কোর্স সম্পন্ন করার পর বিনা মূল্যে ডিজিটাল সার্টিফিকেট অথবা স্কিল ব্যাজ অর্জনের সুযোগ;
*সিভি ও লিংকডইন প্রোফাইলে সার্টিফিকেট বা স্কিল ব্যাজ যুক্ত করে দক্ষতার পরিচয় তুলে ধরার সুযোগ;
*কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, ব্যবহার ও নৈতিক প্রয়োগ সম্পর্কে জানার সুযোগ;
*চাকরি, ইন্টার্নশিপ ও পেশাগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা বাড়ানোর সুযোগ।
যেসব কোর্স করা যাবে
গুগলের অফিসিয়াল গুগল স্কিলস (Google Skills) প্ল্যাটফর্মে এআই বিষয়ে পাঁচটি কোর্স রয়েছে। কোর্সগুলোর বিষয় ও আনুমানিক সময় নিচে দেওয়া হলো—
আরও পড়ুন:বছরে ৩৪ লাখ টাকার বৃত্তি নিয়ে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
১. ইন্ট্রোডাকশন টু জেনারেটিভ এআই: প্রায় ৪৫ মিনিটের এ কোর্সে জেনারেটিভ এআই কীভাবে কাজ করে এবং প্রচলিত মেশিন লার্নিং থেকে এটি কীভাবে আলাদা, তা শেখানো হবে।
২. ইন্ট্রোডাকশন টু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস: প্রায় এক ঘণ্টার এ কোর্সে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কী, কীভাবে কাজ করে এবং প্রম্পট টিউনিংয়ের প্রাথমিক ধারণা সম্পর্কে জানা যাবে।
৩. ইন্ট্রোডাকশন টু রেসপনসিবল এআই: প্রায় ১৫ মিনিটের এ কোর্সে দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের গুরুত্ব এবং গুগলের এআই নীতিমালা সম্পর্কে শেখানো হবে।
৪. প্রম্পট ডিজাইন ইন ভার্টেক্স এআই: প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের এ কোর্সে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও মাল্টিমোডাল এআই কৌশল সম্পর্কে শেখানো হবে। কোর্সটি সম্পন্ন করলে স্কিল ব্যাজ অর্জনের সুযোগ রয়েছে।
৫. রেসপনসিবল এআই: অ্যাপ্লাইং এআই প্রিন্সিপলস উইথ গুগল ক্লাউড: প্রায় দুই ঘণ্টার এ কোর্সে বাস্তব প্রকল্পে দায়িত্বশীল এআইয়ের নীতিগুলো কীভাবে প্রয়োগ করা যায়, তা শেখানো হবে।
আবেদনের যোগ্যতা
*বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
*স্নাতক ও পেশাজীবীরাও অংশ নিতে পারবেন;
*নির্দিষ্ট কোনো শিক্ষাগত ডিগ্রি বাধ্যতামূলক নয়;
*আইইএলটিএস বা অন্য কোনো ইংরেজি দক্ষতার পরীক্ষার সনদ বাধ্যতামূলক নয় বলে উল্লেখ করা হয়েছে;
আরও পড়ুন:ভারতে আন্তর্জাতিক ফেলোশিপের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
*ইন্টারনেট সংযোগ ও একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে গুগলের অফিসিয়াল গুগল স্কিলস প্ল্যাটফর্মের মাধ্যমে কোর্সগুলো করা যাবে। প্রথমে Google Skills-এর ওয়েবসাইটে গিয়ে বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর এআইবিষয়ক কোর্সগুলো খুঁজে পছন্দের কোর্সে এনরোল করতে হবে। কোর্সের পাঠ ও কুইজ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কোর্সে প্রযোজ্য সার্টিফিকেট বা স্কিল ব্যাজ সংগ্রহ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। সারা বছরই কোর্সগুলোতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

