এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ২০২৬ সালের শিক্ষাবৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ২ হাজার ৫০০ টাকা করে ১২ মাস বৃত্তি পাবেন। পাশাপাশি বই, খাতা, ভর্তি ও পোশাক-পরিচ্ছদের জন্য এককালীন ১০ হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হবে। আবেদন করার শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।
বিআইএফএফএল-এর এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ‘আজ শিক্ষায় সহায়তা, আগামীতে জাতির অগ্রযাত্রা’। সুবিধাবঞ্চিত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।
সুযোগ-সুবিধা
*এইচএসসি পর্যায়ে ১২ মাসের জন্য প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা বৃত্তি দেওয়া হবে;
*বই, খাতা, ভর্তি ও পোশাক-পরিচ্ছদের খরচের জন্য এককালীন ১০ হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হবে;
*এককালীন শিক্ষা সহায়তা প্রথম কিস্তির সঙ্গে প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
*২০২৬ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ কমপক্ষে ৪.৫০ থাকতে হবে;
আরও পড়ুন: কলেজশিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক, মাসে পাবে ৫০০০ টাকা
*সুবিধাবঞ্চিত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী হতে হবে;
*নারী, দুস্থ, প্রতিবন্ধী ও গ্রামীণ শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন;
*অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
*এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র;
*স্কুলের প্রশংসাপত্র;
*কলেজে ভর্তিসংক্রান্ত কাগজপত্র;
*আর্থিক অবস্থার বিবরণসংক্রান্ত প্রত্যয়নপত্র। এটি ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে সংগ্রহ করতে হবে;
*সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি;
*জন্মসনদ।
আবেদনপ্রক্রিয়া
বিআইএফএফএল-এর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন করতে এখানে ক্লিক করুন
প্রতিষ্ঠানটির নির্দেশনা অনুযায়ী, সরাসরি যোগাযোগ করে বা সরাসরি আবেদন জমা দিয়ে আবেদন গ্রহণযোগ্য হবে না।
*আবেদন শুরু: ১০ অক্টোবর ২০২৬;
*আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।
নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল জানানো হবে। এরপর নির্ধারিত সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের বিআইএফএফএল কার্যালয়ে মূল কাগজপত্র জমা দিতে হবে।
বিআইএফএফএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।


