১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

 ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো |ছবি: সংগৃহীত

জাতীয় দলের সঙ্গে বিতর্কের রেশ কাটিয়ে ক্লাবের জার্সিতে ফিরেই গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাঁর গোলের দিনে সৌদি প্রো লিগে আল দিরিয়াহকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮০-এ। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে পর্তুগিজ এই তারকার প্রয়োজন আর মাত্র ২০ গোল।

শুক্রবার রাতে আল নাসরের ঘরের মাঠ আল আউয়াল পার্কে ম্যাচের ২৩তম মিনিটে গোল করেন রোনালদো। কিংসলে কোমানের শট প্রতিপক্ষের গোলকিপার ওয়ালিদ আলী ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি তিনি।

রোনালদোর গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ম্যাচ শুরুর আগেও তাঁকে সমর্থন জানিয়ে বড় ব্যানার প্রদর্শন করেন আল নাসরের সমর্থকেরা। তাতে লেখা ছিল, ‘গ্রেটনেস ইজ আর্নড’—অর্থাৎ, মহত্ত্ব অর্জন করে নিতে হয়। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারি থেকে রোনালদোর নামে স্লোগানও ওঠে।

আরও পড়ুনঃ আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি

এর আগে পর্তুগাল জাতীয় দলের হয়ে নেশনস লিগের বিরতিতে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ না পেয়ে দলীয় শিবির ছেড়েছিলেন রোনালদো। ২৭ সেপ্টেম্বরের সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল পর্তুগাল।

পরে কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তোলেন রোনালদো। আল নাসরেও জেসুসের অধীনে খেলেছেন এই ফরোয়ার্ড। গত মৌসুমে তাঁর কোচিংয়েই সৌদি লিগের শিরোপা জিতেছিল দলটি।

জাতীয় দলের সঙ্গে বিরোধ নিয়ে আলোচনা চললেও ক্লাবের সমর্থকেরা রোনালদোর পাশে থাকার বার্তা দিয়েছেন। মাঠে গোল করে সেই সমর্থনের জবাবও দিয়েছেন পর্তুগিজ তারকা।

রোনালদোর গোলের ১২ মিনিট পর, ম্যাচের ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সামু কস্তা। জোয়াও ফেলিক্সের কর্নার থেকে হেডে গোল করেন তিনি। এরপর ৭৭তম মিনিটে কোমানের গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়।

এই জয়ে লিগের শীর্ষে থাকা আল কাদসিয়ার সমান পয়েন্টে পৌঁছেছে আল নাসর। আট ম্যাচে দুই দলেরই পয়েন্ট ১৯। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে আল কাদসিয়া, দুইয়ে আল নাসর।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!