১০ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করতে যাচ্ছেন রোনালদো

জিটি ডেস্ক

প্রকাশ:

 রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ|ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। ইউরোপীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচাল শহরে তাদের বিয়ের আয়োজন হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ আগস্ট ফুনচাল শহরের ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালে রোনালদো ও জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এরপর আমন্ত্রিত অতিথিদের জন্য বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলে বিশেষ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টায় বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও অতিথিরা সাভয় প্যালেস হোটেলে যাবেন। সেখানে বিশেষ আয়োজনের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হবে।

দ্য সান জানিয়েছে, বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে ৭ ও ৮ আগস্ট হোটেলের দুটি ফ্লোর সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। পাশাপাশি হোটেলের কয়েকটি বার ও নির্দিষ্ট এলাকাও ওই দুই দিন শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের জন্য সংরক্ষিত থাকবে।

মাদেইরার ফুনচাল শহর রোনালদোর জন্ম ও বেড়ে ওঠার জায়গা। এই শহরের সঙ্গে তার রয়েছে গভীর আবেগের সম্পর্ক। রোনালদোর সম্মানে সেখানে নির্মাণ করা হয়েছে ব্রোঞ্জের ভাস্কর্য, একটি জাদুঘর এবং তার নামে একটি হোটেলও রয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বকাপ জিতেও আর্থিক সংকট, শেষ পর্যন্ত বিক্রি করলেন ট্রফির রেপ্লিকা

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, ১ আগস্ট পর্তুগালের সিন্ত্রার ঐতিহাসিক কুইন্টা দা রেগালেইরা এস্টেটে রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান হতে পারে। তবে পরে জানা যায়, ওই দিনও এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এরপর সম্ভাব্য বিয়ের স্থান হিসেবে মাদেইরার নাম সামনে আসে।

বিশ্বের অন্যতম সফল ও ধনী ফুটবলার হলেও রোনালদোর শৈশব ছিল কঠিন সংগ্রামের। সীমিত সামর্থ্যের পরিবারে বেড়ে ওঠা এই তারকা মাত্র ১১ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে পরিবার ছেড়ে লিসবনে স্পোর্টিং সিপির একাডেমিতে যোগ দেন। সেখান থেকেই শুরু হয় তার বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার যাত্রা।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় জর্জিনা রদ্রিগেজের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের এই সম্পর্কের পর গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো।

তবে এখনো রোনালদো কিংবা জর্জিনা কেউই বিয়ের তারিখ বা আয়োজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই ৮ আগস্টের সম্ভাব্য আয়োজন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চললেও, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!