আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ নারী দলকে। আইরিশদের করা ১৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিগার সুলতানা জ্যোতির দল।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার। এরপর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার দ্বিতীয় উইকেটে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের আশা জাগান।
দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন জুয়াইরিয়া। তিনি ৩৮ বলে ৫০ রান করে আউট হন। অন্যদিকে শারমিন আক্তার ৪০ বলে ২৭ রান করেন। এই দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্ব পড়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তারের ওপর।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ
তবে শেষ পর্যন্ত কেউই দলকে জয় এনে দিতে পারেননি। জ্যোতি ১৯ এবং স্বর্ণা ১২ রান করেন। তাদের বাইরে আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। ফলে লক্ষ্য থেকে ১১ রান দূরে থেকেই ইনিংস শেষ করতে হয় বাংলাদেশকে।
এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতে আইরিশদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম চার ওভারের মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়া হয়। অ্যামি হান্টার করেন ১৯ রান, আর আলানা ডালজেল কোনো রান না করেই আউট হন।
তবে শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে রান তুলতে থাকে আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। শেষদিকে ১১ নম্বরে নেমে ঝড়ো ব্যাটিং করেন আভা ক্যানিন। মাত্র ৮ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে দলের সংগ্রহকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান তিনি।
আইরিশ ব্যাটারদের মধ্যে আর কেউ বিশের ঘর পেরোতে না পারলেও ছোট ছোট অবদান মিলিয়ে নির্ধারিত ওভারে ১৪৩ রান তোলে আয়ারল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেলেও শেষ পর্যন্ত ব্যাটিং ধস সামলাতে না পেরে ১১ রানের হার নিয়েই বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচ শেষ করতে হয়েছে বাংলাদেশ নারী দলকে।

