মুল্লানপুরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়ালসের ব্যাটার বৈভব সূর্যবংশী তাণ্ডব চালিয়ে ক্রিস গেইলের ১৪ বছরের পুরোনো একটি অনন্য রেকর্ড ভেঙে দিয়েছেন। আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে তিনি গেইলকে ছাড়িয়ে গেছেন।
২০১২ সালে গেইল ৫৯টি ছক্কা মেরে এই রেকর্ড গড়েছিলেন, যা ভেঙে বৈভবের বর্তমান ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫-তে। একই সঙ্গে আইপিএলের নকআউটে সুরেশ রায়নার মাত্র ১৬ বলে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন বিহারের এই ছেলে। তবে এই জোড়া রেকর্ড গড়লেও মাত্র ৩ রানের জন্য আইপিএলের ইতিহাসে দ্রুততম শতকের ক্রিস গেইলের আরেকটি মহাকাব্যিক রেকর্ড ভাঙতে পারেননি তিনি।
ম্যাচে মাত্র ২৯ বলে ৯৭ রান করে আউট হন বৈভব। তার এই ইনিংসে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা, যার মধ্যে ৯২ রানই এসেছে বাউন্ডারি থেকে। গেইলের ৩০ বলে শতকের বিশ্বরেকর্ড ভাঙতে ২৯তম বলে বৈভবের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। প্রফুল হিঙ্গের বলটি থার্ডম্যান দিয়ে ওড়াতে গিয়ে এক সুতোর জন্য বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন তিনি। অল্পের জন্য রেকর্ড হাতছাড়া হওয়ায় হতাশ বৈভব মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন।
আরও পড়ুন: বিশ্বকাপে ‘হট ফেবারিট’ নেদারল্যান্ডের দল ঘোষণা
তবে আউট হওয়ার পর স্তব্ধ স্টেডিয়ামের করতালির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বৈভবের ভূয়সী প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকার। বৈভবের ব্যাটিং দেখে মুগ্ধ শচীন লেখেন, ‘বৈভবের ব্যাট চালানো অসাধারণ। যেটা দেখে আরও ভাল লাগে, তা হল, কত সুন্দর ভাবে সামনের পা সরিয়ে বল মারার জন্য ও জায়গা তৈরি করে। এটা ওকে শট মারার স্বাধীনতা দেয়। ও যা করছে তা অবিশ্বাস্য।’
শতক মিস করলেও আত্মবিশ্বাসী সূর্যবংশী ম্যাচ শেষে জানিয়ে দিলেন, ‘এই রেকর্ড একদিন তার হবেই।’
বিধ্বংসী মেজাজে থাকা বৈভব ইনিংসের দ্বিতীয় ওভারে প্রফুল হিঙ্গেকে চার ও ছক্কা মেরে খাতা খোলেন। স্পিন আক্রমণ আসতেই তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং মাত্র ১০ বলে ৩০ রানে পৌঁছে যান। এরপর ডিপ মিডউইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র ১৬ বলে নিজের অর্ধশতক পূর্ণ করে রায়নার রেকর্ড স্পর্শ করেন। হাফ-সেঞ্চুরির পর ষষ্ঠ ওভারে লং-অন এবং কাউ কর্নার দিয়ে ৪টি চোখধাঁধানো ছক্কা মারেন তিনি।
সপ্তম ওভারের চতুর্থ বলে নিজের ১২তম ছক্কাটি মেরে মাত্র ২৮ বলে ৯৭ রানে পৌঁছে যান বৈভব। এর আগে গত বছর আইপিএলে ৩৫ বলে এবং এবার ৩৬ বলে শতক করার রেকর্ড রয়েছে বৈভবের দখলে। কিছুদিন আগেই ২৫ বলে শতক করার লক্ষ্যের কথা জানানো এই রাজস্থান তারকা শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছেন এক অবিস্মরণীয় ইনিংস।

