বিদায়বেলায় মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

 মেসিকে স্বারক লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি
মেসিকে স্বারক লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি |ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে লাল-হলুদ কার্ড মানেই সাধারণত শাস্তি। কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক বিদায়ী ম্যাচে সেই কার্ডই হয়ে উঠল সম্মাননা ও স্মারক। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার মেসির হাতে তুলে দেন একটি লাল ও একটি হলুদ কার্ড। একই সঙ্গে বিদায়ী ম্যাচের অফিশিয়াল বলও উপহার দেওয়া হয় আর্জেন্টাইন অধিনায়ককে।

বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর মেসির দিকে এগিয়ে যান রেফারি ভেখার। তার হাতে ছিল বিশেষ উপহারের একটি সেট—একটি লাল ও একটি হলুদ কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড ছিল না। বিশ্ব ফুটবলে মেসির অবদান এবং তার শেষ আন্তর্জাতিক ম্যাচের স্মৃতি ধরে রাখতেই বিশেষ এই সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুনঃ আর্জেন্টিনার জার্সিতে শেষবার, হৃদয়স্পর্শী বিদায়ী ভাষণে যা বললেন মেসি

হেসেই রেফারির দেওয়া স্মারক কার্ড দুটি গ্রহণ করেন মেসি। শুধু কার্ড নয়, শেষ ম্যাচের অফিশিয়াল বলটিও তার হাতে তুলে দেন রেফারি। ফলে বিদায়ী রাতের স্মৃতি হিসেবে বিশেষ দুটি উপহার নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মেসি। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। ৪৮ মিনিটে নিকোলাস ওতামেন্দির গোল এবং ৬১ মিনিটে নিকো পাজের গোলের পেছনে ছিল মেসির অ্যাসিস্ট। এরপর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এদিন ১ গোল ও ২ অ্যাসিস্টের মাধ্যমে আকাশি-সাদা জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী মেসি। আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৬টি, সঙ্গে রয়েছে ৭০টি অ্যাসিস্ট।

শেষ ম্যাচে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি রেফারির দেওয়া লাল-হলুদ কার্ড ও ম্যাচের বলও মেসির বিদায়ী রাতকে করে তুলেছে আরও স্মরণীয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!